কৃষিবিদ মোঃ হাসানুর রহমান

কৃষিবিদ মোঃ হাসানুর রহমান ১৯৫৪ সালে জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বেলকুড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমানে নওগাঁ জেলার উকিলপাড়ায় স্থায়ীভাবে বসবাস করছেন। তাঁর পিতা মরহুম আব্দুর রহমান ও মাতা আখেরুন নেছা।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ১৯৭৭ সালে কৃষি অনুষদ থেকে কৃতিত্বের সাথে বিএসসি কৃষি (অনার্স) এবং ১৯৯৮ সালে এম এস (উদ্ভিদ রোগতত্ত্ব) ডিগ্রী লাভ করেন। মাস্টার্স ডিগ্রীতে থিসিস প্রবন্ধে অধ্যয়নকালে মৌলিক গবেষণার অভিজ্ঞতা লাভ করেন।

তিনি ১৯৭৭ সালে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার হিসেবে পাট সম্প্রসারণ অফিসার, কালীগঞ্জ, রংপুর পদে প্রথম চাকরীতে যোগদান করেন। ১৯৮৩ সালে বিসিএস কৃষি ক্যাডারে অন্তর্ভুক্ত হন। পরবর্তীতে রংপুর, নওগাঁ, দিনাজপুর, রাজশাহী ও বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় উপজেলা কৃষি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

২০০৫ সাল থেকে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জয়পুরহাট জেলার উদ্ভিদ সংরক্ষণ বিশেষজ্ঞ, বগুড়া জেলার প্রশিক্ষণ অফিসার, রংপুর জেলার উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১১ সালে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, তারাগঞ্জ, রংপুরের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনকালে অবসর গ্রহণ করেন।

২০০৫ সালে তিনি আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি), ফিলিপাইন এ বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং অনেক অভিজ্ঞতা অর্জন করেন।

বিবাহিত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। “ফসলের বালাই ব্যবস্থাপনা” বইটি তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও প্রচেষ্টার প্রথম ফসল।